দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ শহর ও আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব হামলার প্রতিবাদে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে।
Advertisement
শুক্রবার (১৯ জুন) এসব হতাহতের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট এবং লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নে বাধা না দেওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে চীন। একই সঙ্গে বেইজিং সংশ্লিষ্ট সব পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে।
Advertisement
লেবাননের বার্তাসংস্থা এনএনএ'র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কার্যকর হওয়ার পরও মধ্যরাতের পর হামলা অব্যাহত রাখে ইসরায়েলি। স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ শহর, কাফর তেবনিত, নাবাতিয়েহ আল-ফাওকা এবং রাইহান পাহাড়ি এলাকায় একাধিক বিমান হামলা চালায়।
ওই হামলার কিছুক্ষণ পর নাবাতিয়েহর বিশ্ববিদ্যালয় এলাকা, কাফরজোজ এবং হারুফের আল-বাইদার এলাকায় নতুন করে হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত আটজন নিহত হন।
আল-আশামিয়া এলাকায় আরেকটি হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে চারজন নিহত হন। এছাড়া কাফর সির এলাকায় পৃথক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনএনএ।
ভোরের দিকে দুইর পৌরসভা ভবনের কাছে এবং দেইর আল-জাহরানি-নাবাতিয়েহ মহাসড়কে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো দুটি ড্রোন হামলায় আরও দুইজন নিহত ও দুইজন আহত হন। এদিকে দুইর এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে।
Advertisement
যুদ্ধ বন্ধে ১৪ জুন সমঝোতায় পৌঁছায় ইরান-যুক্তরাষ্ট্র। বুধবার রাতে (১৮ জুন) ইলেকট্রনিকভাবে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সমঝোতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
এদিকে, দ্য জেরুজালেম পোস্টের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৭ হাজার ৬৯৩ জনের বেশি ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন আইডিএফ-এর সদস্য এবং ২৩ জন বেসামরিক নাগরিক।
এছাড়া ইউএস সেন্টকমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত চলাকালে ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।
কেএম