আন্তর্জাতিক

হরমুজে ‘প্রশাসনিক কর্তৃপক্ষ’ গঠন, ৪৮ ঘণ্টা আগে দিতে হবে নোটিশ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের জন্য একটি নতুন বাধ্যতামূলক অনলাইন ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করেছে ইরান। নতুন নিয়মটি কার্যকর করেছে ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ (The Persian Gulf Strait Authority-PGSA)। এখন থেকে জাহাজগুলোকে তাদের চলাচলের অনুমতি নিতে একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে নিবন্ধন করতে হবে। তবে, আগামী ৬০ দিনের জন্য ট্রানজিট ফি মওকুফ থাকবে।

Advertisement

নির্দেশনা অনুযায়ী, জাহাজ পরিচালনাকারীদের অবশ্যই PGSA-এর ওয়েবসাইট (PGSA.ir) অথবা নির্ধারিত ই-মেইল (info@PGSA.ir) এর মাধ্যমে ট্রানজিট আবেদন জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। এছাড়া জাহাজের জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে আগমনের নোটিশ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে হরমুজ প্রণালির প্রবেশ ও প্রস্থানে কোনো বিলম্ব না ঘটে।

পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কোনো ফি এই ৬০ দিনের মধ্যে নেওয়া হবে না; এসব খরচ ইরান সরকার বহন করবে। মাইন-ঝুঁকিপূর্ণ এলাকা এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলা বাধ্যতামূলক। নিয়ম না মানলে এর সম্পূর্ণ দায় জাহাজ মালিকদের ওপর বর্তাবে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগটি সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (Islamabad MoU)-এর অংশ। এ সমঝোতা স্মারকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সংঘাত নিরসন এবং আঞ্চলিক নৌ-চলাচল পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নির্ধারণের কথাও বলা হয়েছে।

কেএম