দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ

তিন দফা জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ত্রাণ এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হারুন আল রশিদ (৮৭)।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে তাকে জেলা শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বাদ জোহর জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত হারুন আল রশিদের তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, হারুন আল রশিদ শুধু একজন নেতাই ছিলেন না, একটি প্রতিষ্ঠান ছিলেন। আমি নিজে তার হাতেগড়া একজন কর্মী। আমি দেখেছি উনার কাছে কোনো সাধারণ মানুষ গিয়ে নিরাশ হয়ে ফেরেননি। তিনি সাধারণ মানুষের নেতা ছিলেন৷

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস