আন্তর্জাতিক

ব্রাজিল ভক্তরা জানেন কি প্রিয় দলের পতাকায় কয়টি তারা?

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। মাঠের খেলা কিংবা গ্যালারির উন্মাদনা—সবখানেই রাজত্ব করে তাদের চেনা হলুদ-সবুজ জার্সি। কিন্তু আপনি কি কখনো ব্রাজিলের জাতীয় পতাকার দিকে গভীরভাবে তাকিয়ে দেখেছেন? সবুজ আয়তক্ষেত্রের মাঝে একটি হলুদ রম্বস, আর তার ভেতরে থাকা নীল বৃত্তে জ্বলজ্বল করছে অসংখ্য সাদা তারা। ব্রাজিলের পতাকায় ঠিক কতগুলো তারা রয়েছে এবং এর ভেতরের গভীর অর্থই বা কী, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ব্রাজিলের পতাকার ইতিহাস, অনন্য গঠন ও এর ভেতরের লুকিয়ে থাকা রহস্য।

Advertisement

ব্রাজিল পতাকার সংক্ষিপ্ত ইতিহাস

ব্রাজিলের বর্তমান জাতীয় পতাকাটি ১৮৮৯ সালের ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর আগে দেশটিতে রাজতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত ছিল। ১৮৮৯ সালের ১৫ নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ব্রাজিলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চারদিন পর দেশটির নতুন এই পতাকা উন্মোচন করা হয়, যা আজ বিশ্বমঞ্চে ব্রাজিলের অন্যতম প্রধান পরিচয়।

আরও পড়ুন ব্রাজিল যখন ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা কেন ইসরায়েলের পাশে? রং ও গঠনের অর্থ

ব্রাজিলের পতাকার প্রতিটি উপাদান অত্যন্ত অর্থবহ। পতাকার মূল সবুজ অংশটি ঐতিহাসিকভাবে ব্রাজিলের প্রথম সম্রাট পেড্রো প্রথমের রাজবংশ ‘হাউস অব ব্রাগানজা’কে নির্দেশ করে। তবে আধুনিককালে এই সবুজকে ব্রাজিলের ফুসফুসখ্যাত বিশাল অ্যামাজন বন ও প্রকৃতির প্রতীক হিসেবে দেখা হয়। মাঝের বড় হলুদ রম্বস বা হীরা আকৃতির অংশটি ঐতিহাসিকভাবে সম্রাজ্ঞী মারিয়া লিওপোল্ডিনার রাজবংশ ‘হাউস অফ হাবসবার্গ’-এর প্রতিনিধিত্ব করে। বর্তমানে এটি ব্রাজিলের মাটির নিচে থাকা প্রচুর সোনার মজুত এবং খনিজ সম্পদের প্রাচুর্যকে প্রকাশ করে। কেন্দ্রের নীল বৃত্তটি মূলত রিও ডি জেনেরিওর নীল আকাশ এবং দেশের নদী ও সমুদ্রের প্রতীক।

সাদা ব্যান্ড ও জাতীয় মূলমন্ত্র

নীল বৃত্তের বুক চিরে চলে গেছে একটি বাঁকানো সাদা ব্যান্ড। এর ওপর পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে দেশটির জাতীয় মূলমন্ত্র ‘Ordem e Progresso’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘শৃঙ্খলা ও অগ্রগতি’। ফরাসি দার্শনিক অগাস্ট কোঁতের পজিটিভিজম দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে এই নীতিবাক্যটি পতাকায় যুক্ত করা হয়েছিল।

Advertisement

আরও পড়ুন যে রুপার খোঁজে নাম হলো ‘আর্জেন্টিনা’, সেটাই মেলেনি কখনো! কতগুলো তারা এবং তাদের আসল অর্থ

ব্রাজিলের পতাকায় মোট ২৭টি সাদা তারা রয়েছে। এই তারাগুলোর রয়েছে দুটি চমৎকার অর্থ ও ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রথমত, এই ২৭টি তারা ব্রাজিলের ২৬টি রাজ্য এবং একটি ফেডারেল ডিস্ট্রিক্ট বা রাজধানী ব্রাসিলিয়াকে নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের পতাকার মতোই ব্রাজিলের কোনো নতুন রাজ্য গঠিত হলে পতাকায় তারার সংখ্যাও বেড়ে যায়। শুরুতে ১৮৮৯ সালে পতাকায় তারা ছিল ২১টি, যা পরে রাজ্যের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িয়ে ২৭টি করা হয়েছে।

দ্বিতীয়ত, এই তারার বিন্যাস কোনো কাল্পনিক নকশা নয়। ১৮৮৯ সালের ১৫ নভেম্বর, অর্থাৎ যে রাতে ব্রাজিল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক সেই রাত ৮টা ৩০ মিনিটে রিও ডি জেনেরিওর আকাশে নক্ষত্রপুঞ্জ যেভাবে অবস্থান করছিল, পতাকায় ঠিক সেই বাস্তব মহাজাগতিক মানচিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে ক্রাক্স বা সাউদার্ন ক্রস নক্ষত্রপুঞ্জসহ মোট নয়টি ভিন্ন নক্ষত্রপুঞ্জের তারা স্থান পেয়েছে।

সূত্র: ব্রিটানিকাকেএএ/

Advertisement