দেশজুড়ে

ফেনীতে ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২০ জুন) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর শাহীন একাডেমি স্কুলের গেট সংলগ্ন এয়াকুব আলী কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার খোরশেদ আলম নয়ন (৩৫), নোয়াখালীর আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৩), ফেনীর সোনাগাজী উপজেলার মো. রাসেল (৩০), কুমিল্লার আবদুল কাদের (২৪), দুলাল মিয়া (২৮), মো. আসিফ (২০) ও রাকিব হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডাকাত দলটি মহাসড়কের পাশে খালি জায়গায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি লোহার তৈরি কিরিচ, দুইটি লোহার তৈরি ছোরা, একটি লোহার রড ও একটি বড় সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

Advertisement

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এমএস