ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক ভিন্ন উদাহরণ সৃষ্টি করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩)।
Advertisement
ফয়সাল বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়ে সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন। এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষের ভিড় জমে।
মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
Advertisement
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমেরই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।
তিনি আরও বলেন, দল আলাদা হলেও খেলাকে খেলাই হিসেবে দেখা উচিত। এমন বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমর্থকদের মধ্যে আনন্দ বাড়ায়।
হৃদয় আহম্মেদ/এনএইচআর/এমএস
Advertisement