বিনোদন

ক্যানসার আক্রান্ত নৃত্য পরিচালক জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও জনপ্রিয় নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যানসারে আক্রান্ত। বেশ কয়েক মাস ধরেই চলছে তার চিকিৎসা। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

Advertisement

জাকির হোসেনের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সনি রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির ভাইকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

সনি রহমানের এই পোস্টের পরপরই চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তি জাকির হোসেনের সুস্থতা কামনা করে মন্তব্য করতে থাকেন। অনেকেই তার দীর্ঘদিনের অবদান স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জাকির হোসেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছে।

Advertisement

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা সার্বক্ষণিকভাবে তার পাশে রয়েছেন। একই সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যরাও খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। সহকর্মীদের অনেকে জানিয়েছেন, জাকির হোসেন সবসময় হাসিখুশি ও কর্মচঞ্চল একজন মানুষ। তাই তার অসুস্থতার খবর তাদের গভীরভাবে ব্যথিত করেছে।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানের নৃত্য পরিচালনার মাধ্যমে তিনি দর্শক ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। চলচ্চিত্রাঙ্গনে তার অবদান বিশেষভাবে স্বীকৃত।

 

এমআই/এলআইএ

Advertisement