স্বাস্থ্য

রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান আব্দুস সালাম

  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সালাম। একই সঙ্গে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি নতুন এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে।   শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা) পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক।   প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘The Bangladesh Red Crescent Society Order, 1973’ এর ধারা ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট এই নিয়োগ প্রদান করেছেন। পূর্বতন এডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদোত্তীর্ণ থাকায় জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।   দ্বিতীয় প্রজ্ঞাপনে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ১৪ সদস্যের নতুন এডহক ম্যানেজিং বোর্ডে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং ট্রেজারার বা কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)।   বোর্ডের বাকি ১২ সদস্য হলেন— অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মো্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম এবং এস এম মাহিদুল ইসলাম সজীব।   মন্ত্রণালয় জানিয়েছে, নবগঠিত এই এডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ০৩ (তিন) মাস হবে।    এসইউজে /জেএইচ  

Advertisement