বিনোদন

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, তলব করা হয়েছে আল্লু অর্জুনকে

‘পুষ্পা ২: দ্য রুল’র প্রিমিয়ার শো ঘিরে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় ফের আইনি চাপে পড়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার মামলায় এবার তাকে আদালতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদের নামপল্লি আদালত আগামী সোমবার আল্লু অর্জুনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ ঘটনায় পুলিশ চার্জশিট জমা দেওয়ার পরই আদালত এ পদক্ষেপ নেয়।

চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ম্যানেজার, কয়েকজন স্টাফ ও আটজন বাউন্সারের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সন্ধ্যা থিয়েটারের মালিক ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, আল্লু অর্জুন প্রিমিয়ারে উপস্থিত থাকবেন-এ তথ্য আগে থেকেই জানা ছিল। এরপরও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি থিয়েটার কর্তৃপক্ষ। ফলে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘটে দুর্ঘটনা।

Advertisement

জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় মোট ২০ জনকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এ মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে সেদিন রাতটি তাকে পুলিশ হেফাজতেই কাটাতে হয়েছিল।

আরও পড়ুন:সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেন? ফিলিস্তিনিদের উৎসর্গ করে গাইলেন পিংক ফ্লয়েডের গায়ক রজার ওয়াটার্স 

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৪ ডিসেম্বর। ‘পুষ্পা ২: দ্য রুল’র মুক্তির আগের দিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অনুষ্ঠিত হয় ছবিটির প্রিমিয়ার শো। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে হাজারো ভক্ত ভিড় জমান। একপর্যায়ে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার মধ্যে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারী ভক্তের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার ৯ বছর বয়সী ছেলে তেজ, যাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল।

Advertisement

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তারকাদের জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

এমএমএফ