চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে কিছু সময়ের জন্য মুখোমুখি অবস্থান নেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
Advertisement
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
এদিকে দুই সীমান্তরক্ষী বাহিনীর এমন মুখোমুখি অবস্থানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বিজিবি সদস্যদের বলতে শোনা যায়, ‘এক পাও সরবো না এখান থেকে। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাব।’ বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশ-ইনের চেষ্টা বন্ধ করে।
এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
Advertisement
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। কোনোভাবেই যেন বিএসএফ পুশ-ইনের ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
তিনি জানান, পুশ-ইনের চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন।
সোহান মাহমুদ/কেএইচকে/এমএস
Advertisement