জাতীয়

নগরবাসীকে সঙ্গে নিয়ে আধুনিক নগর উপহার দেব: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত ও সুন্দর নগরী হিসেবে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

Advertisement

শনিবার (২০ জুন) মিরপুর-১২-এর মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‌জনগণের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সব সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে এবং অব্যাহতভাবে কাজ করা হবে।

তিনি জানান, গত ৫ জুনের পর থেকে এ পর্যন্ত মুসলিম বাজার খাল থেকে ৪১৬ ট্রাক মাটির তলদেশের স্লাজ (কাদা-ময়লা) অপসারণ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন ছুটির দুপুরে ঢাকার বায়ুর মানের উন্নতি

দীর্ঘ ১৯ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে কোনো খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে প্রশাসক বলেন, মুসলিম বাজার খাল ময়লা-আবর্জনায় ভরা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব খাল এভাবে পরিষ্কার করা হবে এবং নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত নগর উপহার দেওয়া হবে।

প্রশাসক আরও জানান, নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেওয়ার লক্ষ্যে নগরীর প্রতিটি অলিগলি ও খালসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এই কাজ চলমান ও অব্যাহত থাকবে।

আরও পড়ুন রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, নগরবাসীর স্বার্থে একই রাস্তা বারবার খনন না করে ওয়াসা ও ডেসকোর সঙ্গে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হবে।

মুসলিম বাজার খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসির প্রশাসক খালের আশপাশের এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

Advertisement

এমএমএ/এসএইচএস