সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহির হোসেন (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
Advertisement
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে এবং আহত জহির একই গ্রামের হাসান গাজীর ছেলে।
নিহত নূরের ভাই আমজাদ হোসেন জানান, সকালে নূর হোসেনসহ কয়েকজন নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে নূর হোসেনের মৃত্যু হয় এবং ১০০ হাত দূরে থাকা জহির অজ্ঞান হয়ে যায়।
Advertisement
মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) বলেন, ঘটনার পর নূর হোসেনের সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মণ্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত জেলেকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জেলের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এমএস
Advertisement