বিনোদন

এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই লেনিনকে দেখি : নচিকেতা

বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে মন্তব্য করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিনের প্রতিচ্ছবি দেখতে পান।

Advertisement

এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেনিনের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। সেই অবস্থান থেকে এখনো সরে আসেননি। তার ভাষায়, ‘এখনো বলব, মমতার মধ্যেই লেনিনকে দেখেছি।’

গায়কের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাব এবং গণমানুষের জন্য আন্দোলন করার প্রবণতার মধ্যেই তিনি লেনিনের ছায়া খুঁজে পান।

সাক্ষাৎকারে সমালোচকদেরও জবাব দিয়েছেন নচিকেতা। তৃণমূলপন্থী বা ‘দলদাস’ আখ্যা পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কখনো কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কারও কাছে যাননি। তার দাবি, ‘আমার চটি চাটার কোনো প্রমাণ নেই।’

Advertisement

এদিকে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন শিল্পী। বিশেষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার সুসম্পর্কের কথা তুলে ধরে নচিকেতা বলেন, দিলীপ ঘোষ মাঝেমধ্যেই তাকে ফোন করে খোঁজখবর নেন এবং সুস্থ থাকার পরামর্শ দেন।

নতুন রাজনৈতিক বাস্তবতায় শিল্প-সংস্কৃতির পরিবেশ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নচিকেতা বলেন, সরকারের কাছে তাঁর একমাত্র চাওয়া শিল্পীদের প্রতি সম্মান এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ।

 

এলআইএ

Advertisement