ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলার অভিযোগে সুমন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন হয়।
Advertisement
জানা গেছে, আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে এক ব্যক্তির মাছের পোনা বহনকালে অর্থ আদায়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় যুবক সুমন কসবা রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা চালায়। সে সময় সফিকুলের টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করেন। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আহত স্টেশন মাস্টারকে ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস