খেলাধুলা

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করাটা হবে ভুল: স্পেন কোচ

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তরুণ লামিনে ইয়ামালকে লিওনেল মেসি কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করা ‘ভুল’ হবে।

Advertisement

গ্রুপ ‘এইচ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হচ্ছে স্পেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। ওই ম্যাচে পুরোপুরি ফিট হলেও, ঝুঁকি নিতে না চাওয়ায় ইয়ামালকে শুরুর একাদশে না রেখে শেষ দিকে বদলি হিসেবে নামানো হয়েছিল।

সপ্তাহজুড়ে ইয়ামালের উন্নতি ও বর্তমান অবস্থা নিয়ে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছেন দে লা ফুয়েন্তে। তবে বার্সেলোনার এই তরুণকে ঘিরে অতিরিক্ত আলোচনাকে তিনি দলের জন্য নেতিবাচক বলে মনে করেন না।

শনিবার সংবাদ সম্মেলনে স্পেন জাতীয় দলে ইয়ামালের বর্তমান ভূমিকার সঙ্গে অতীতে আর্জেন্টিনার হয়ে মেসি ও ম্যারাডোনার প্রভাবের তুলনা টানা হলে দে লা ফুয়েন্তে বলেন, ‘ওকে কারও সঙ্গে তুলনা করা ভুল হবে। তার বয়স মাত্র ১৮। সে এখনও বিকাশ ও পরিণতির পথে রয়েছে। আমাদের তাকে তার নিজের পথেই এগোতে দিতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘যেসব খেলোয়াড়ের মধ্যে বিশেষ কিছু থাকে, তারা এসব সামলানোর জন্য প্রস্তুতই থাকে। তারা প্রতিভাবান, একেকজন জিনিয়াস- যেমন সালভাদর দালি কিংবা মাইকেল অ্যাঞ্জেলো। যেটা আমাদের কাছে অসাধারণ মনে হয়, তাদের কাছে সেটা স্বাভাবিক।’

এপ্রিল মাসে পাওয়া পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে স্পেন যখন প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে হিমশিম খাচ্ছিল, তখন ৭১তম মিনিটে তাকে মাঠে নামানো হয়।

এই সপ্তাহেই ইয়ামাল স্বীকার করেছেন যে, তিনি এখনও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নন। আর সে কারণেই সৌদি আরবের বিপক্ষে তিনি শুরু থেকে খেলবেন কি না, তা প্রথমে স্পষ্ট করেননি দে লা ফুয়েন্তে। যদিও শেষ পর্যন্ত শুরুর একাদশেই ইয়ামালকে রেখেছেন তিনি।

আরএএইচইউএল/আইএইচএস/

Advertisement