আন্তর্জাতিক

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে মদ্যপানে বিধিনিষেধ

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। রেকর্ড ছোঁয়া তাপমাত্রার কারণে ফ্রান্সে জনসমাগমে মদ্যপানে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাছাড়া জার্মানিতে সতর্কতা ঘোষণা করা হয়েছে এবং স্পেনে ফুটবল সমর্থকদের জন্য নির্ধারিত একটি ফ্যান জোন বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, প্যারিস অঞ্চল এবং বার্গান্ডিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, আর কিছু এলাকায় তা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু রোববার অনুষ্ঠিতব্য বার্ষিক ফেত দ্য লা মিউজিক উৎসবসহ বিভিন্ন জনসমাগমে মদ্যপান নিষিদ্ধ করার ঘোষণা দেন। একই সঙ্গে প্যারিস প্রশাসন শহরের পার্কগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে, যাতে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।

জার্মানিতেও অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে প্রবল বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

Advertisement

ইতালিতেও তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। রাজধানী রোমে প্রখর রোদের মধ্যে ঐতিহাসিক কলোসিয়াম দেখতে আসা পর্যটকদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই গরম থেকে বাঁচতে ভূগর্ভস্থ ঐতিহাসিক স্থাপনাগুলোতে আশ্রয় নিচ্ছেন।

উত্তর ইতালির শহর বোলোনিয়ায় মানুষ ১৬শ শতকের বিখ্যাত নেপচুন ফোয়ারার পানি দিয়ে মুখ ধুয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। অনেকে শহরের ছায়াঘেরা করিডরগুলোতে আশ্রয় নিচ্ছেন।

অন্যদিকে স্পেনে তীব্র গরমের কারণে মাদ্রিদের প্লাজা দে কোলনে স্থাপিত বিশ্বকাপ ফুটবলের ফ্যান জোন বন্ধ করে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ফলে স্পেন ও সৌদি আরবের ম্যাচ বড় পর্দায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সমর্থকরা। তবে খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলবেন।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Advertisement

সূত্র: রয়টার্স

এমএসএম