দেশজুড়ে

ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু এ লিগ্যাল নোটিশ পাঠান।

অভিযুক্ত নড়াইলের আদমপুর গ্রামের বাসিন্দা সোহাগ ফরাজী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত।

নোটিশে বলা হয়, নোটিশদাতার বন্ধু মির্জা গালিব স্বতেজ একজন কট্টর ব্রাজিল ফুটবল দলের সমর্থক। কিন্তু সোহাগ ফরাজী তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Md Shohag’ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মির্জা গালিব স্বতেজের ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

Advertisement

এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি। এতে নোটিশদাতা শাহাদাত জালাল পিয়াস ও তার বন্ধু মির্জা গালিবের সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির উদ্দেশ্যে এসব ছবি প্রচার করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে অভিযুক্ত সোহাগ ফরাজীকে ৭২ ঘণ্টার মধ্যে তার ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট মুছে ফেলার পাশাপাশি তিন দিনের মধ্যে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে ব্রাজিল সমর্থক মির্জা গালিব স্বতেজ বলেন, ‌‘আমি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা করে আমার ছবি বিকৃত করে আমাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। বিষয়টি আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের অংশ হিসেবে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।’

অভিযুক্ত সোহাগ ফরাজীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement

নড়াইল জজ কোর্টের আইনজীবী ফেরদৌস ইসলাম তনু বলেন, ‘আমার মক্কেল শাহাদাত জালাল পিয়াসের পক্ষে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণ এবং ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাফিজুল নিলু/এসআর/এমএস