ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আরও তিনটি যুদ্ধজাহাজ। রোববার (২১ জুন) কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি’ নৌযানগুলো উদ্বোধন ও হস্তান্তর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement
যুদ্ধজাহাজগুলোর নাম হলো- আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্র।
উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। এই রাজ্য ভারতকে সমুদ্রপথে পুরো বিশ্বের সঙ্গে যোগ করেছে। আজ এই ভূমিতেই আত্মনির্ভর ভারত, সুরক্ষিত ভারত, বিকশিত ভারতের সঙ্গে যুক্ত নতুন কার্যক্রম শুরু হচ্ছে। আজ নৌবাহিনীতে যুক্ত হলো তিনটি জাহাজ। দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ উদ্বোধনের মাধ্যমে সমুদ্র শক্তিতে নতুন দিগন্তের উন্মোচন করলো ভারত।
নরেন্দ্র মোদী আরও বলেন, নৌবাহিনী সক্ষম না হলে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। বিশ্বের অধিকাংশ ব্যবসা সমুদ্রপথেই হয়, বিভিন্ন দেশের সঙ্গে জুড়ে থাকা ডেটা নেটওয়ার্ক সমুদ্রের নিচে। যে দেশের সমুদ্র সামর্থ্য মজবুত হবে, তার তার অর্থনীতি ততটাই মজবুত হবে। ভারত এই বাস্তবতা ভালো করে বোঝে।
Advertisement
ভারত নিজেকে তৈরি করছে। আইএনএস বিক্রান্তের মধ্যে দিয়ে বিশ্ব আমাদের ক্ষমতা বুঝেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা কেবল ক্রেতা হিসেবে থাকতে চাই না। প্রতিরক্ষা সামগ্রীর অন্যতম নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ভারত।
ভারতের সমুদ্র অর্থনীতিতে পশ্চিমবঙ্গের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী আরও বলেন, সমুদ্র ঐতিহ্যের কথা উঠলেই পশ্চিমবঙ্গের নাম স্বাভাবিকভাবে সামনে চলে আসে। মোদীর দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলোতে ভারতের নীল অর্থনীতিতে সামুদ্রিক উৎপাদন, লজিস্টিক ও উপকূল উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ।
ডিডি/এসএএইচ
Advertisement