জাতীয়

ফুটপাত-ড্রেন দখল করে দোকান করলেই ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কোয়াইশ সড়কে ফুটপাত ও ড্রেন দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেছেন, ফুটপাত ও পানি চলাচলের পথ দখল করে জনভোগান্তি সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

সোমবার (২২ জুন) সড়কটির সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দখলমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, ড্রেনের প্রবেশমুখ ময়লা-আবর্জনা ও অবৈধ স্থাপনার কারণে বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও ড্রেন ঢালাই করে দোকানের ভেতরে নিয়ে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।

সিডিএ সূত্র জানায়, সোমবার সকালে অক্সিজেন-কোয়াইশ সড়ক পরিদর্শনের সময় চেয়ারম্যান ফুটপাতে অবৈধভাবে বসানো বেশ কয়েকটি দোকান সরিয়ে দিতে নির্দেশ দেন। এসময় তিনি দখলদারদের সতর্ক করে বলেন, ফুটপাত দখলের কারণে চার লেনের সড়কের কার্যকর প্রস্থ কমে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Advertisement

বেলায়েত হোসেন বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করা হবে। কেউ ড্রেনে ময়লা ফেললে কিংবা দোকানের সামনের অংশ অপরিচ্ছন্ন রাখলে জরিমানার আওতায় আনা হবে।

তিনি স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও শিক্ষার্থীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সচিব মাহবুবউল করিমকে অবৈধভাবে দখল করা ড্রেন উদ্ধার, প্রয়োজনীয় স্থানে স্লাব স্থাপন এবং অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন চেয়ারম্যান।

এছাড়া সড়ক সংস্কারকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মানও পরিদর্শন করেন তিনি। পরে অনন্যা আবাসিক এলাকা পরিদর্শন করে কোয়াইশ প্রান্তে একটি পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগের বিষয়েও সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Advertisement

এমআরএএইচ/এমআইএইচএস