আগামী গ্রীষ্মে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড. তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল কোথায় আয়োজন করা হবে, সেটির ওপরই নির্ভর করছে এই টেস্টের ভেন্যু। ইংলিশ দৈণিক দ্য টেলিগ্রাফ এই খবর প্রকাশ করেছে।
Advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০৩১ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিতব্য পরবর্তী তিনটি ডব্লিউটিসি ফাইনাল আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তিবদ্ধ। সেই চুক্তির শর্ত অনুযায়ী ফাইনাল লন্ডনেই আয়োজন করতে হবে। আগের দুটি ফাইনালের মতো এবারও লর্ডসকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে উইকেটের মান নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসিবি।
সম্প্রতি লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১১৫ রানের জয়টি বৃষ্টির কারণে চার দিনে গড়ালেও ম্যাচটি শেষ হয় মাত্র ১৬৬ ওভারে। বোলার-সহায়ক উইকেটের কারণেই এত কম ওভারে ম্যাচ শেষ হয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। ইসিবির সঙ্গে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে দুটি টেস্ট আয়োজন করতে হবে। তাই ডব্লিউটিসি ফাইনাল লর্ডসে না হলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি সেখানে আয়োজন করা হবে।
এমনটি হলে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে। একই সঙ্গে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে না। অ্যাশেজের ভেন্যু নির্বাচন নিয়েও ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে ইসিবি। লর্ডস ও ওভালের পাশাপাশি এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ এবং সাউদাম্পটনের রোজ বোলে অ্যাশেজের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
এর আগে ধারণা করা হয়েছিল, অ্যাশেজের আগে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে। তবে ক্ষতিপূরণ পেলে ল্যাঙ্কাশায়ার এ সুযোগ ছাড়তে রাজি রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তও অনেকের কাছে বিস্ময়ের কারণ হতে পারে। কারণ, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার সূচি রয়েছে ইংল্যান্ডের। এরপরের মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট খেলবে তারা। ফলে ২০২৭ সালে টানা নয়টি টেস্টে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়া। আগামী গ্রীষ্মের পূর্ণাঙ্গ সূচি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসিবি।
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে ২ ম্যাচে টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। ওই সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র জয় পায় টাইগাররা।
এসকেডি/এএসএম
Advertisement