দেশজুড়ে

যুবদল নেতার বাসায় একের পর এক গুলি করছেন ভাই, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে আব্দুস ছাত্তার মজুমদার নামের এক যুবদল নেতার বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটিয়েছেন তার ছোট ভাই সুমন মজুমদার।

Advertisement

২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার পিস্তল নিয়ে ছাত্তার বাড়ির দিকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়ছেন। এসময় পেছন দিক থেকে এক নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। গুলি ছুড়তে ছুড়তে তিনি বারান্দায় উঠে জানালার কাচ ভাঙচুর করেন এবং উচ্চস্বরে গালাগাল করতে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুস ছাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

Advertisement

এ ঘটনায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদার ও হামলাকারী সুমন মজুমদার আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাজল কায়েস/এসআর/জেআইএম

Advertisement