নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)।
গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Advertisement
এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপরে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে রোববার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার ও ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, কিছুদিন আগে উপজেলার তারাবো পৌর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দুটি প্রিন্টিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মেশিনারিজ লুটে নেওয়া হয়। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নাজমুল হুদা/এনএইচআর/এমএস
Advertisement