জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর করা ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক আইনজীবীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ। তার নাম অ্যাডভোকেট মোহাম্মদ এমরান (৪৫)।
Advertisement
সোমবার (২২ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ জুন চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোনকল করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদকসেবন করেন এবং প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ওই সময় তার স্বামী বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে।
এমন অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর থানায় জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং উদ্ধার ও অভিযানের বিষয়টি সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।
Advertisement
খবর পেয়ে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম ফোর্স নিয়ে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি বাড়ি থেকে অ্যাডভোকেট মোহাম্মদ এমরানকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টিটি/এমকেআর
Advertisement