রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Advertisement
সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ বলেন, কয়েকদিন আগে পূর্ব শেওড়াপাড়ায় একদল ছিনতাইকারীর হামলায় আহত মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অথচ ঘটনাটিকে শুধু ‘দুর্বৃত্তের হাতে নিহত’ বলে উল্লেখ করে দায় এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এত নমনীয়তা কেন এবং কারা এর পেছনে রয়েছে। পাশাপাশি অপরাধবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকদের বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের আহ্বান জানান।
প্রিন্স মাহমুদ আরও বলেন, ছিনতাইকারীরা প্রায়ই আগ্নেয়াস্ত্র, ছুরি কিংবা অন্যান্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। বাধা পেলে তারা নির্মমভাবে আঘাত করে, যার ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। তিনি অভিযোগ করেন, আইনি ফাঁকফোকর, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ কিংবা সাক্ষ্য-প্রমাণের দুর্বলতার কারণে অনেক অপরাধী সহজেই জামিনে মুক্তি পেয়ে যায়।
Advertisement
তার মতে, ছিনতাই যে কোনো সময় যে কারও জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাতে সাজিদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়। সাজিদ রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান।
এলআইএ
Advertisement