কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাসেল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল প্রতিবেশী মো. ছাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিরোধের জেরে ছাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে উত্তেজিত জনতা ঘাতকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
এসকে রাসেল/এফএ/এমএস