দেশজুড়ে

রাঙ্গামাটিতে গৃহবধূকে খুন করে টাকা লুট

রাঙ্গামাটির বরকলে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

Advertisement

রোববার (২১ জুন) রাতে উপজেলার শুভলং ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম ওই এলাকার বাসিন্দা রফিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢোকার পর আয়শা বেগম তাদের চিনে ফেলায় শক্ত কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের ছেলে আশরাফ আলী জানান, বাড়িতে ফিরে মাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় ঘরের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Advertisement

এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, বরকল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে।

আবু দারদা খান আরমান/এফএ/এমএস