নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এসময় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জাল ব্যবহার ও বিক্রির দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মো. একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মো. শহীদুল সরদারকে ২ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং সরকারপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
Advertisement
এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও এনএসআই এর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দুজনকে বিভিন্ন সাজা ও একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল করিম রেজা/এনএইচআর/এমএস
Advertisement