সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কারাগারে তিনি দুটি খাতা সংরক্ষণ করছেন, যেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিভিন্ন তথ্য লিখে রাখছেন।
Advertisement
সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিকালে তিনি এ কথা বলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইনু আদালতকে বলেছেন- একটি লাল ও একটি সবুজ খাতায় তিনি মামলার অগ্রগতি, বিভিন্ন আদালতের আদেশ ও শুনানিতে আইনজীবীদের বক্তব্যের তথ্য সংরক্ষণ করছেন।
রাষ্ট্রপক্ষের দাবি, এ ধরনের বক্তব্য আদালতের প্রতি পরোক্ষ চাপ বা হুমকির ইঙ্গিত বহন করতে পারে এবং তা আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, সে বিষয়টি বিবেচনার দাবি রাখে।
Advertisement
শুনানির সময় ইনু আদালতের হাজতখানায় দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখার অভিযোগও তোলেন। একই সঙ্গে তিনি বিচার বিভাগের কার্যক্রম নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।
এদিন সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকেও একই আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ পুলিশের আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মেনন।
শুনানি শেষে আদালত ইনু ও মেননকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। তবে ইনুর বক্তব্য আদালত অবমাননার শামিল কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল মোড়ে একটি মিছিলে অংশ নেওয়ার সময় মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত বছরের ১ জানুয়ারি বংশাল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
Advertisement
এমডিএএ/একিউএফ