নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় এক টিকটকারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
Advertisement
সোমবার (২২ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক টিকটকারের নাম আব্দুল মাবুদ। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা নাগরিক। পাহাড়পুরে অবস্থানকালে আটক আব্দুল মাবুদ তাকে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তীসময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
Advertisement
পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, ‘দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বদলগাছী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত যে কোনো বিদেশি পর্যটককে কেউ হেনস্তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরমান হোসেন রুমন/এসআর/এমএস
Advertisement