খেলাধুলা

‘ছোট দেশ, আর্থিক সমস্যাও আছে, তবু সেরাদের সঙ্গে লড়তে পারি’

উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে বড় এক ধাপ এগিয়েছে কেপ ভার্দে। ম্যাচ শেষে দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি বিশ্বমঞ্চে ছোট দেশের বড় লড়াইয়ের কথাও তুলে ধরেন। ম্যাচ শেষে ব্রিতো বলেন, ‘হয়তো আমরা ছোট একটি দেশ, অর্থনৈতিক সমস্যাও আছে। কিন্তু আমরা লড়াকু, আর শীর্ষ পর্যায়ের দলগুলোর সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

Advertisement

কেপ ভার্দিয়ান কোচের বিশ্বাস, বিশ্বকাপের সেরা তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা তার দলের রয়েছে, ‘দুটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে আমরা যা করেছি, তাতে আমাদের লক্ষ্য হওয়া উচিত পরের রাউন্ডে যাওয়া। আমরা সেটার যোগ্য।’ তবে এখনও কিছুই নিশ্চিত হয়নি বলেও সতর্ক করেছেন ব্রিতো। তিনি বলেন, ‘আমাদের যোগ্যতা অর্জনের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।'

বিশ্বকাপে ইতিহাস গড়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র এবং রোববার উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে কেপ ভার্দে একই টুর্নামেন্টে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে অপরাজিত থাকা একমাত্র দলে পরিণত হয়েছে।

ব্রিতো বলেন, ‘আমরা দুই বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে খেলেছি। ফলাফলের বাইরে গিয়ে বলতে হয়, আমরা যেভাবে সংগঠিত ও পরিচ্ছন্ন ফুটবল খেলেছি, তা প্রমাণ করে যে আমরা যত ছোটই হই না কেন, নিজেদের লক্ষ্য অর্জনের ইচ্ছা থাকলে তা সম্ভব।'

Advertisement

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন কেপ ভার্দের কোচ। আর্জেন্টাইন এই কোচকে তিনি ‘গুরু’ হিসেবে অভিহিত করেন।

‘বিয়েলসা আমার জন্য এবং অনেক আফ্রিকান কোচের জন্যই একজন গুরু। তিনি যা করেছেন, তার পুরো কোচিং ক্যারিয়ার আমরা অধ্যয়ন করেছি,’ বলেন ব্রিতো।

ম্যাচ শেষে বিয়েলসার সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমি তাকে কেপ ভার্দের একটি ছোট উপহার দিয়েছি, যাতে তিনি আমাদের মনে রাখতে পারেন। তাকে বলেছি, তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত।‘

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ব্রিতো। তিনি বলেন, ‘সৌদি আরব এমন একটি দল, যাদের সম্মান করা উচিত। আসন্ন ম্যাচে আমি কোনো সুবিধা দেখছি না। বরং সঠিক মানসিকতা নিয়েই ম্যাচটিতে নামতে হবে। আমাদের সব প্রতিপক্ষের প্রতিই সেই সম্মান দেখাতে হবে।'

Advertisement

ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপে কেপ ভার্দের প্রতিনিধিত্বের বিষয়েও কথা বলেন তিনি, 'এটি শুধু ফুটবল নয়। এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস, সংগীত এবং আমাদের সমর্থকদের প্রতিনিধিত্ব করছে। আমরা চাই পুরো বিশ্ব আমাদের প্রকৃত পরিচয় জানুক।’ তিনি আরও বলেন, ‘এটি অন্য আফ্রিকান দেশগুলোর জন্যও, সেই সব দলের জন্যও যারা বড় দল নয় এবং হয়তো বিশ্বকাপে জায়গা পায়নি। আমরা এখানে দেখাতে এসেছি যে দৃঢ়তা ও সংকল্প থাকলে কঠিন পরিস্থিতিরও মোকাবিলা করা যায়।'

সংবাদ সম্মেলনে স্পেনের বাদাহোস ক্লাবের স্মৃতিও স্মরণ করেন ব্রিতো। খেলোয়াড়ি জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় তিনি কাটিয়েছেন ওই ক্লাবে।

তিনি বলেন, 'বাদাহোস আমার ক্রীড়া জীবনের একটি অংশ। ক্লাবটির প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে, কারণ সেখানে থাকাকালে তারা আমাকে দারুণভাবে আপন করে নিয়েছিল।' তার মতে, স্পেনের সঙ্গে তার সম্পর্ক শুধু এই সপ্তাহে তাদের বিপক্ষে খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা আরও গভীর।

আরএএইচইউএল/এসকেডি/এমএস