ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ঝড়, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে আবার শুরু হয়েছে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। কিলিয়ান এমবাপের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ফ্রান্স প্রায় আড়াই ঘণ্টা বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে।
Advertisement
প্রথমার্ধ শেষ হওয়ার পর থেকেই স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ফিফা ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় এবং দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুরুতে ৩০ মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই বিরতি দীর্ঘ হতে থাকে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই ম্যাচ পুনরায় শুরু করা হবে। একইসঙ্গে দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদও জানানো হয়।
এদিকে ফিলাডেলফিয়া স্টেডিয়ামের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধ বিলম্বিত হয়েছে এবং পরিস্থিতি নিরাপদ হলেই খেলা পুনরায় শুরু হবে। বজ্রপাতের আশঙ্কায় স্টেডিয়ামের গ্যালারি ধীরে ধীরে খালি করা হয় এবং দর্শকদের ভেতরে আশ্রয় নিতে বলা হয়।
Advertisement
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর আসে। স্টেডিয়াম সূত্র জানায়, আবহাওয়ার ঝুঁকি কেটে গেছে এবং দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হবে। এরপরই পুনরায় মাঠে নামে দুই দল।
প্রথমার্ধে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ-পায়ের শটে জালে বল জড়ান ফরাসি অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপে এমবাপের ১৫তম গোল, যা তাকে লিওনেল মেসি (১৮), মিরোস্লাভ ক্লোসা (১৬) ও রোনালদোর (১৫)-এর পাশে জায়গা করে দেয়।
তবে স্কোরলাইন ১-০ হলেও ম্যাচে সহজে আধিপত্য বিস্তার করতে পারেনি ফ্রান্স। ইরাক সাহসী ও সংগঠিত ফুটবল খেলেছে। বিশেষ করে ইনজুরিতে আয়মান হুসেইন মাঠ ছাড়ার পর বদলি হিসেবে নামা আলি আল হামাদি আক্রমণে বেশ কয়েকবার ফরাসি রক্ষণকে ব্যস্ত রেখেছেন।
প্রথমার্ধ শেষে অপ্টা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী ফ্রান্সের জয়ের সম্ভাবনা ছিল ৯৪.৮ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ৪.৩ শতাংশ এবং ইরাকের জয়ের সম্ভাবনা মাত্র ০.৯ শতাংশ।
Advertisement
আইএইচএস/