জাতীয়

বাংলাদেশবিরোধী কোনো নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না

বাংলাদেশবিরোধী কোনো সংগঠনকে দেশে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

Advertisement

তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা এবং নিষিদ্ধ সংগঠনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না।

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

মীর হেলাল বলেন, আমরা চাই না বাংলাদেশে কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করুক। কোনো নিষিদ্ধ সংগঠন কিংবা বাংলাদেশবিরোধী কোনো গোষ্ঠীকে মাঠে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

আরও পড়ুন প্রতিমন্ত্রী মীর হেলাল / ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরকার 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নীতি ও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তী।

তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠনের সব ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Advertisement

সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন এবং সদস্যসচিব জিয়া উদ্দিন রনি। কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এমআরএএইচ/এমএমকে