খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলবেন না সিকান্দার রাজা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়ে দলে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব উরচেস্টারশায়ারের হয়ে ভিটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার প্রতিশ্রুতি থাকায় তাকে ছাড়পত্র দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

Advertisement

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ২৮ জুন হারারেতে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট। দলটিতে সবচেয়ে বড় চমক ৩৯ বছর বয়সী লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের প্রত্যাবর্তন। তিনি সর্বশেষ ২০১৭ সালে জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলেছিলেন।

দলের নেতৃত্বে থাকছেন পেসার রিচার্ড এনগারাভা। গত ডিসেম্বরে ক্রেইগ আরভিনের পরিবর্তে তাকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হবে তার প্রথম টেস্ট অধিনায়কত্বের অভিষেক।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারানোর পর এটি হবে জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ। সেই দলের তুলনায় এবার দলে ফিরেছেন বা সুযোগ পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, নিউম্যান নিয়ামহুরি এবং গ্রায়েম ক্রেমার।

Advertisement

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন সিকান্দার রাজা, তানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আনতুম নাকভি, টিনোটেন্ডা মাপোসা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ ২০২৫ সালের এপ্রিল-মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দলরিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর ও তাফাদজওয়া সিগা।

এমএমআর

Advertisement