জাতীয়

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ। এসময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত পড়ে শোনান।

Advertisement

তিনি বলেন, চলমান বাজেট একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির রূপরেখা। বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি এবং সাধারণ মানুষও রাস্তায় নেমে কোনো বিক্ষোভ করেনি, যা দেশের স্বাধীনতার পর বিরল ঘটনা।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মাহফুজুল্লাহ বলেন, চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ পর্যায়ের উৎস কর কমানোয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতেও বিরোধী রাজনৈতিক দলগুলোর মিছিল-মিটিং করাকে তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।

Advertisement

বিরোধীদের সমালোচনা করতে গিয়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র বা কৌশল প্রয়োগ করে, তাদের পরিণতি শুভ হয় না। সরকারের উন্নয়ন ও জনমুখী কর্মকাণ্ড অস্বীকার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে তিনি সতর্ক করেন।

আরও পড়ুন আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

২০২৬ সালের অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রশংসা করে তিনি বলেন, ৯ লাখ ৩১ হাজার কোটি টাকার এই বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি সাহসী পরিকল্পনা। বাজেটের ‘রিকভারি, রেস্টোরেশন ও রেজিলিয়েন্স’ বা ‘থ্রি আর’ কৌশলেরও প্রশংসা করেন তিনি।

এমপি মাহফুজুল্লাহ বলেন, ৪১ লাখ নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের অঙ্গীকার ইতিবাচক উদ্যোগ। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার সিদ্ধান্ত দেশের মেধা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাজেটের প্রশংসার পাশাপাশি তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি সংসদে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের কারণে কুতুবদিয়া দ্বীপের আয়তন ১০০ বর্গকিলোমিটার থেকে কমে প্রায় ৩০ বর্গকিলোমিটারে নেমে এসেছে উল্লেখ করে তিনি দ্বীপটি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সেতু এবং আধুনিক ফেরি সার্ভিস চালুর দাবি জানান।

Advertisement

মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ (কোল পাওয়ার প্ল্যান্ট) বিভিন্ন মেগা প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় চাহিদা কম থাকা সত্ত্বেও পুরো কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা রয়ে গেছে। এ পরিস্থিতির পরিবর্তন এবং মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু নির্মাণের দাবি জানান তিনি।

আরও পড়ুন ত্রাণমন্ত্রী / পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না

একই সঙ্গে স্থানীয় লবণচাষিদের স্বার্থ রক্ষায় প্রতি মণ লবণের ন্যূনতম মূল্য ৬০০ টাকা নির্ধারণ এবং মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মেগা প্রকল্পের কারণে ভূমি অধিগ্রহণে স্থানীয় মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং বহিরাগতদের পরিবর্তে মহেশখালী ও মাতারবাড়ীর স্থানীয় যুবকদের চাকরির সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তিনি। পাশাপাশি মহেশখালী কলেজ সরকারিকরণ এবং কুতুবদিয়া কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর আহ্বান জানান।

এমওএস/এসএইচএস