ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করে মামলাটি করেন। বুধবার সকালে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া এলাকায় নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার জন্য নেতাকর্মীরা সেখানে জড়ো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে আটক করে। ওই সময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতদের নামে মামলা করে।
Advertisement
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
এম শাহাজান/এএইচ/এএসএম