বেনাপোল স্থলবন্দরে আমদানি করা পণ্যের চালান দ্রুত, নিরাপদ ও সঠিকভাবে লোড-আনলোডের জন্য কার্গো হ্যান্ডলিং (ইক্যুইপমেন্ট) কাজের ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪০ টাকা।
Advertisement
বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় কার্গো হ্যান্ডলিং কার্যক্রম আধুনিকীকরণ ও সেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি দরপ্রস্তাব জমা পড়ে। দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) দরপ্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচনা করে এবং সব প্রক্রিয়া শেষে একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ‘এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড’-কে নিয়োগের সুপারিশ করে। প্রতিষ্ঠানটির কার্যালয় চট্টগ্রামে।
Advertisement
নৌপরিবহন মন্ত্রণালয় ৪৯ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪০ টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দিলো। ঠিকাদার প্রতিষ্ঠানটি পাঁচ বছরের জন্য কার্গো হ্যান্ডলিং (ইক্যুইপমেন্ট) সেবা দেবে।
এমএএস/এমকেআর