ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ক্যারিয়ারে গোল, অ্যাসিস্ট আর ট্রফির হিসাব দীর্ঘ। তবে একটি পরিসংখ্যান বেশ ব্যতিক্রমী—নিজের জন্মদিনে সিনিয়র ক্যারিয়ারে মাঠে নেমেছেন মাত্র একবার।
Advertisement
১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নেওয়া আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক এই দিনে একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০০৬ বিশ্বকাপে। জার্মানিতে অনুষ্ঠিত সেই আসরের শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
সেই ম্যাচে মেসি গোল বা অ্যাসিস্টের দেখা পাননি। ফলে জন্মদিনে তার পরিসংখ্যান এখনো দাঁড়িয়ে আছে—এক ম্যাচ, এক জয়, কোনো গোল বা অ্যাসিস্ট নেই। মূলত ইউরোপিয়ান ক্লাব মৌসুমের বিরতি এবং আন্তর্জাতিক সূচির কারণে ২৪ জুনে খুব কমই ম্যাচ পড়ে। তাই দীর্ঘ দুই দশকেরও বেশি সিনিয়র ক্যারিয়ারে জন্মদিনে মাঠে নামার সুযোগও আর হয়নি মেসির।
এবারও ৩৯তম জন্মদিনে মাঠে নামছেন না মেসি। ফলে জন্মদিনে খেলার সেই একমাত্র ম্যাচের রেকর্ডই আপাতত অক্ষুণ্ন থাকছে।
Advertisement
এসকেডি/এএসএম