দেশজুড়ে

বিএনপির এমপিকে নিয়ে বক্তব্য, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে এ মামলা করা হয় বলে জানা গেছে।

Advertisement

বুধবার (২৪ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

এর আগে শনিবার (২০ জুন) সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা।

মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকার বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

Advertisement

বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কোনো স্তরেরই সদস্য নন।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই বাদী মামলাটি করেন।

Advertisement

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।

মামলার বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এ মামলাটি করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। এর বাইরে মন্তব্য করতে চাই না।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম