বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা এবং দুই হত্যার ঘটনায় গ্রেফতার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
Advertisement
রোববার (২৮ জুন) মামলার ৫ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করার জন্য দিন ধার্য রয়েছে। রায় ঘোষণার ধার্য দিনে আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে সকাল ১০টার দিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন পুলিশ সদস্যের বিরুদ্ধে রায় ঘোষণা করা হওয়ার কথা রয়েছে আজ (রোববার)।
মামলার অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
Advertisement
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, গত বছরের ২৮ জানুয়ারি চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এরও আগে ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে এসআই চঞ্চল সরকারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ২৬ জানুয়ারি রাতে চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেফতারের পর চঞ্চলকে ঢাকায় আনা হয়।
২০২৪ সালের জুলাই মাসে রামপুরার মেরাদিয়া এলাকায় ওই ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বীকার করেছেন চঞ্চল। তবে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
Advertisement
এফএইচ/এএমএ