‘নিরাপদ ভবিষ্যতের খোঁজে’ অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেফতার হয়েছে বাংলাদেশি এক দম্পতি। শুক্রবার (২৬ জুন) ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জেলা থেকে সান্তনু দেবনাথ ও তার স্ত্রীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সান্তনুর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।
Advertisement
ত্রিপুরা পুলিশের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৬ জুন) ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার দেবদারু নামক এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, বাংলাদেশে ‘চরম প্রতিকূল পরিস্থিতির’ মুখে পড়ে ‘নিরাপদ ভবিষ্যতের’ খোঁজে তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন।
দেবদারু পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই এলাকায় কিছু সন্দেহভাজন যাত্রী যাতায়াত করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দেবদারু এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ওই দম্পতির আচরণ এবং কথাবার্তায় অসঙ্গতি ও ভাষাগত তারতম্য লক্ষ্য করে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের কাছে ভারতের কোনো বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথিপত্র দেখতে চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এরপর তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
টানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন যে তারা মূলত বাংলাদেশের নাগরিক। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করে পুলিশ, যা তাদের বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে।
Advertisement
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সান্তনু দেবনাথ জানান, ভারতীয় আইনের কঠোরতা ও অবৈধ অনুপ্রবেশের শাস্তির কথা জানা সত্ত্বেও বাধ্য হয়েই তারা এই চরম ঝুঁকি নিয়েছেন।
সান্তনু বলেন, আমরা বাংলাদেশে প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেখানে আমাদের পক্ষে বসবাস চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তাই একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমরা সীমান্ত পার হওয়ার সিদ্ধান্ত নিই। তবে বাংলাদেশে ঠিক কী ধরনের সংকটের মুখোমুখি তারা হচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সীমান্ত পার হওয়ার পরিকল্পনা সম্পর্কে সান্তনু দেবনাথ জানান, কলেজ জীবনের একটি পিকনিকে খাগড়াছড়ির সীমান্তবর্তী মাটিরাঙ্গা এলাকায় গিয়ে তিনি জানতে পেরেছিলেন যে ওই পথ দিয়ে ভারতে পার হওয়া যায়। বাংলাদেশে নিরাপত্তা সংকট তৈরি হলে তিনি তার স্ত্রীকে নিয়ে সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নয়, বরং ত্রিপুরার গোমতী জেলার শিলাছড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সীমান্ত পার হয়ে তারা ভারতের একটি যাত্রীবাহী বাসে চড়ে নিরাপদ কোনো গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তবে মাঝপথেই দেবদারু এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন তারা।
Advertisement
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারা কার মাধ্যমে বা কীভাবে সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে প্রবেশ করলো, সে বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
সূত্র: ত্রিপুরা টাইমস, ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া
এসএএইচ