চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ‘এমভি বে হারবার-২’ ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
Advertisement
মঙ্গলবার (৩০ জুন) ভোররাত ৩টার দিকে কর্ণফুলী নদীর চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি পাথর নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল।
কোস্টগার্ড জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে জাহাজে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে। ঘটনায় কর্ণফুলী নদীর নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
Advertisement
চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে বে হারবার লিমিটেডের লাইটার জাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে থাকায় বন্দরের নৌপথ নিরাপদ রয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের কাজ চলছে।
এমআরএএইচ/এমআইএইচএস
Advertisement