জাতীয়

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

 

দিনাজপুরের চিরিরবন্দরের আলোচিত জোড়া হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার দুজন হলেন মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ১২ মে সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী বেগপাড়া এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে শহিদুল হক দুলু ও তার ছেলে জয়নাল আবেদিনকে কুপিয়ে ও শাবল দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শহিদুল হক দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল হক দুলুর আরেক ছেলে বাদী হয়ে পরদিন চিরিরবন্দর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার সাদেকুল ইসলামকে প্রধান এবং সাকিবকে দ্বিতীয় আসামি করা হয়। 

Advertisement

র‍্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার দুই আসামি চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল গতকাল সোমবার দুপুরে আকমল আলী রোড এলাকা থেকে সাদেকুল ইসলামকে এবং রাতে ইপিজেড এলাকার হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনালের সামনে থেকে সাকিবকে গ্রেফতার করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

Advertisement