দেশজুড়ে

শহীদ মিনারের বেদিতে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতনের ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় চুরির অভিযোগে এক শিশুর (১২) মাথা ন্যাড়া করে দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পাঁচগাঁও বাজারের এক হার্ডওয়্যার ব্যবসায়ী দোকানের ক্যাশবাক্সে প্রায় সাড়ে আট হাজার টাকা রেখে পাশের দোকানে চা পান করতে যান। ফিরে এসে টাকা না পেয়ে বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানান।

এসময় কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, ব্যবসায়ীর অনুপস্থিতিতে ওই শিশুকে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে স্থানীয় কয়েকজন তাকে বাজার-সংলগ্ন এলাকা থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করেন। শিশুটি অভিযোগ অস্বীকার করলেও তার কাছে টাকা পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবি।

Advertisement

এরপর শিশুটিকে বাজারে এনে শহীদ মিনারের বেদিতে দাঁড় করিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। পরে তাকে বাজার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রংছাতি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য রতন রবিদাস শিশুটির মাথা ন্যাড়া করছেন। এসময় তিনি বলেন, ‘শিশুটি এর আগেও চুরি করেছে। এবার হাতেনাতে ধরা পড়েছে। তাকে মারধর না করে লজ্জাজনক শাস্তি হিসেবে মাথার চুল কেটে দেওয়া হচ্ছে।’ পাশাপাশি তিনি ঘটনাটির ভিডিও করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শিশুটির চাচা অভিযোগ করে বলেন, তার ভাতিজাকে চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে অপমান ও নির্যাতন করা হয়েছে। যদি সে কোনো অপরাধ করেও থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত ছিল। তারা এ ঘটনার বিচার চান।

এ বিষয়ে গ্রাম পুলিশ রতন রবিদাস ও ব্যবসায়ী আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।

Advertisement

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। একটি শিশুকে এভাবে প্রকাশ্যে অপদস্থ ও নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িত গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসআর/জেআইএম