জাতীয়

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই

মন্ত্রীদের উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্য মন্ত্রীদেরও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন। তারা থাকলে আমরা বাধিত হবো।’

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান বলে মন্তব্য করেন। স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, ‘আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনে অধিকাংশ সময় আমাদের অধিকাংশ মন্ত্রী থাকেন না। এটা তো আমরা আসলে নোট করে নিয়ে আসি। আমাদের সরকারি দল, বিভিন্ন দল, সবাই বক্তব্য দেন।’

সাইফুল আলম বলেন, ‘এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নেই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি স্পিকার।’

Advertisement

এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত।

তিনি বলেন, ‘বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা দেখি। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়।’

নূরুল ইসলাম মনি বলেন, ‘অর্থমন্ত্রী এখানে উপস্থিত আছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয়, সব কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। স্বাস্থ্য খাতের কথা বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন। সে কারণে অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন।’

তিনি বলেন, আমাদের মহাসচিব এবং এলজিআরডি মহোদয় সবসময় উপস্থিত থাকেন। অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যারা, যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদকে উপভোগ করেন।

Advertisement

চিফ হুইপ বলেন, বিরোধী দল না সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো যেন সমস্যার সমাধানের ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করেন।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপ-নেতা দুজনের কেউই নেই। তারাও যাতে ঠিকমতো থাকেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, ‘বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নেই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবারই থাকা বাঞ্ছনীয়।’

এমওএস/এমআইএইচএস