খেলাধুলা

শেষ ষোলো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন। সোমবার জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মঙ্গলবার তার এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, তার বাম উরুর পেছনের অংশে (হ্যামস্ট্রিং) চোট লেগেছে।

Advertisement

যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর, আগামী রোববারের শেষ ষোলোর ম্যাচে তিনি খেলতে পারবেন না।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, খেলোয়াড়কে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রাখা হবে।

জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পাকেতাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বিরতির সময় তিনি তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। সে সময় তিনি নেইমারের কাঁধে ভর দিয়ে হাঁটছিলেন এবং সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে তার বদলে মাঠে নামেন এন্দ্রিক।

Advertisement

দ্বিতীয়ার্ধে পাকেতা বেঞ্চেই ছিলেন। জাপানের বিপক্ষে ব্রাজিলের ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত হওয়ার পর সতীর্থদের সঙ্গে উদযাপন করলেও পুরো সময় তিনি বাম পায়ে ভর দিতে পারেননি এবং চলাফেরায় সতীর্থদের সহায়তা নিতে হয়েছে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তার জায়গায় প্রথমে ম্যাথেউস কুনহাকে কিছুটা নিচে মিডফিল্ডে খেলান কোচ কার্লো আনচেলত্তি। পরে সেই ভূমিকায় নামানো হয় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে।

অন্যদিকে, প্রায় ১০ দিন ধরে চোটে থাকা রাফিনহা মঙ্গলবার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। ডান উরুর চোট থেকে সেরে ওঠা বার্সেলোনা ফরোয়ার্ড হালকা অনুশীলনের জন্য টেনিস কোর্টে কাজ করেছেন। তবে শেষ ষোলোর ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে কোচিং স্টাফ এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবারের অনুশীলনের পর ব্রাজিল দলকে এক দিনের ছুটি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে তারা আবার অনুশীলনে ফিরবে। এরপর শেষ ষোলোর ম্যাচের আগে দলটি তিন দিন অনুশীলনের সুযোগ পাবে।

Advertisement

আগামী রোববার ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাতে অনুষ্ঠিত হবে।

আরআর