খেলাধুলা

ফ্রান্সকে স্পেনের থেকে ভালো দল মনে করেন না ইয়ামাল

 

২০২৬ বিশ্বকাপে অনেকের চোখে ফ্রান্স শিরোপার প্রধান দাবিদার হলেও, স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এই মূল্যায়নের সঙ্গে একমত নন।

Advertisement

স্প্যানিশ পত্রিকা কোপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো হতে পারে না।’

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ও স্পেন—দুই দলকেই অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে দেখা হচ্ছিল। ২০১৮ সালে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে ফাইনালে ওঠার কৃতিত্বের কারণে দিদিয়ের দেশমের দলকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলতি বিশ্বকাপেও তারা দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে মোট ১০-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।

অন্যদিকে, ২০২৪ ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে পরে শিরোপা জেতা স্পেন এখনো বিশ্বকাপে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি।

Advertisement

প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করার পর স্পেন সৌদি আরবকে ৪-০ গোলে হারায়। এরপর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কঠিন জয় পায় তারা।

বিশ্বকাপ শুরুর সময় পুরোপুরি ফিট ছিলেন না ১৮ বছর বয়সী ইয়ামাল। তাই দলের প্রথম ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন না; বদলি হিসেবে মাঠে নামেন। এ বিষয়ে ইয়ামাল বলেন, ‘গ্রুপ পর্বের কোনো গুরুত্ব নেই।’

তার মতে, প্রকৃত বিশ্বকাপ শুরু হয় নকআউট পর্ব থেকে। ইয়ামাল আরও বলেন, ‘আমি মনে করি না কোনো দলই এককভাবে ফেবারিট। অবশ্যই ফ্রান্স খুব ভালো ছন্দে আছে এবং তাদের দলে দারুণ খেলোয়াড় রয়েছে। কিন্তু আমি মনে করি না তারা অন্য সবার চেয়ে এগিয়ে।’

শেষ বত্রিশের ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, আর স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। দুই ইউরোপীয় পরাশক্তি নকআউট পর্বের একই অংশে থাকায়, তারা জিততে থাকলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে।

Advertisement

আরআর/এমএমআর