চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় যুবলীগ নেতা ফজলুল হক ফজলুর বিরুদ্ধে জমি দখল ও অবৈধভাবে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
Advertisement
বুধবার (১ জুলাই) বায়েজিদ থানা-সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শান্তিনগর, মোহাম্মদনগর ও পাহাড়িকা আবাসিক এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। এসময় পাঁচলাইশ থানা যুবদলের সদস্য জুনায়েদ হোসেন রানা, মোহাম্মদ আলতাফ, বেলাল হোসেন হামজা এবং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ বক্তব্য দেন।
মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দাদের অভিযোগ, বায়েজিদ থানা বাস্তুহারা লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ফজলুল হক ফজলু এবং তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করছেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Advertisement
বক্তারা আরও অভিযোগ করেন, ফজলুল হক ফজলু ও তার সহযোগীদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে হয়রানি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের দাবি, এলাকায় জোরপূর্বক জমি দখল ও সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের সম্পত্তি দখলের চেষ্টা চলছে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দখলচেষ্টা বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এমআরএএইচ/ইএ
Advertisement