মঙ্গলবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ফ্রান্সের পারফরম্যান্সের প্রশংসা করেছেন দিদিয়ের দেশম। তবে তিনি এও বলেছেন যে, শেষ ষোলোয় প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে দলের খেলায় আরও উন্নতির প্রয়োজন আছে।
Advertisement
দিদিয়ের উল্লেখ করেন, ‘সবসময়ই উন্নতির জায়গা থাকে। সবসময়ই। নির্ভয়ে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সবকিছু নিখুঁত নয়। আমাদের এগিয়ে যেতে হবে। কিছু ছোটখাটো রদবদল বা সমন্বয় করার প্রয়োজন আছে। আমরা যা করার দরকার ছিল তাই করেছি যদিও শুরুর ১৫ মিনিট কিছুটা আড়ষ্টতা ছিল। সুযোগ তৈরি করার সক্ষমতা আমাদের আছে। আমরা সুইডিশ দলকে দৌঁড়াতে এতটাই বাধ্য করেছি যে, মাঠে ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। পরের ধাপে যাওয়ার জন্য যা প্রয়োজন ছিল, আমরা সেটাই করেছি।’
ফ্রান্সে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নরওয়ের বিপক্ষে ম্যাচের সময় দলের ডাগআউটে ছিলেন না দেশম। এরপর তিনি আবার ফিরে আসেন। মঙ্গলবার জয়ের ম্যাচে গোল করার পর এমবাপে কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে জড়িয়ে ধরেন।
তিনি বলেন, ‘কিলিয়ানের এই আচরণ আমার কাছে অনেক অর্থবহ। প্রাক-মৌসুমের শুরু থেকেই সে অনুকরণীয় আচরণ করেছে। পুরো দল ঐক্যবদ্ধ ছিল এবং আমি যখন ছিলাম না, তখনও তারা প্রয়োজনীয় কাজগুলো করেছে। বরং আমার না থাকাটাই ভালো হয়েছিল।’
Advertisement
পরের পর্ব নিশ্চিত করার পর, ফ্রান্স এখন শনিবার প্যারাগুয়ের মুখোমুখি হবে। পেনাল্টি শুটআউটে জার্মানিকে বিদায় করা পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেছেন দেশম।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি জানি প্যারাগুয়ের দলে অনেক আক্রমণাত্মক খেলোয়াড় আছে। এটা তাদের ডিএনএ-তে মিশে আছে। জার্মানির বিপক্ষে তাদের খেলা আমি দেখেছি। তারা ভালো রক্ষণভাগ সামলায়। আমি আমার খেলোয়াড়দের বিশ্রাম দেব এবং ধীরে ধীরে প্রয়োজনীয় সব তথ্য তাদের জানাব। দক্ষিণ আমেরিকান দলটির বিপক্ষে খেলার জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামব।’
আরআর/আইএইচএস/
Advertisement