রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
Advertisement
বুধবার (১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আনোয়ার শেখ উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে। তিনি গত ৩০ জুন দিবাগত রাত ১টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
স্বজনেরা জানান, গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার বিকেলে একটি ইনজেকশন দেওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
Advertisement
এদিকে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্ত্বরে ভিড় জমাতে থাকে। এসময় স্বজনেরা চিকিৎসকের অবহেলায় মৃত্যুর দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন।
নিহতের ভাই মো. কামাল হোসেন বলেন, রাত ১টার দিকে গ্যাসের সমস্যার কারণে ভাইকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা দেওয়ার পরে তিনি সুস্থ হয়ে যান। কিন্তু বিকেলে ইনজেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয়।
রোগীর স্বজন মো. ঝন্টু মোল্লা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বলেন, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তিনি মারা গেছেন। প্রায় দুই ঘণ্টা ধরে ডাক্তারকে ফোন দেওয়া হলেও তিনি হাসপাতালে আসেননি।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইনজামামুল হক শিহাব বলেন, আরএমও এই রোগীর চিকিৎসা দিয়েছেন। তিনি না থাকলে জরুরী অবস্থায় আমরা অ্যাটেন্ড করি।
Advertisement
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া যায়নি।
রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম