দেশজুড়ে

ফেসবুকে এমপি নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে তার ব্যক্তিগত সচিব ও পুলিশ জানিয়েছে, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া।

Advertisement

বুধবার (১ জুলাই) দুপুরে ‘দিরাই JNR’ নামে একটি ফেসবুক পেজ থেকে নাছির উদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর একটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, তিনি মারা গেছেন। কিছুক্ষণ পর একই ধরনের আরেকটি পোস্টে তার মৃত্যুর খবর উল্লেখ করে শোকবার্তাও প্রকাশ করা হয়। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক ব্যক্তি সেগুলো শেয়ার করেন।

এ বিষয়ে নাছির উদ্দিন চৌধুরী সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

তবে নাছির উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ রুদ্র মিজান বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। অনেকেই তাকে বিষয়টি জানিয়েছেন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাছির উদ্দিন চৌধুরী একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুইবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০০ সালে তিনি বিএনপিতে যোগ দেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থ থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরকে বিপুল ভোটে পরাজিত করেন তিনি।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

Advertisement